শিরোনাম

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (বাসস) : প্যারাগুয়ের কাছে হেরে চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।
জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে নাগেলসম্যানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
২০২৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানির সাথে চুক্তিবদ্ধ ছিলেন নাগেলসম্যান। এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, ‘সিদ্ধান্তটি আমার জন্য মোটেও সহজ ছিল না। দলের সাফল্যই সবসময় আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। এমন চরম হতাশাজনক অভিজ্ঞতার পর, দলটির নতুন করে শুরু করার সুযোগ পাওয়া উচিত।’
সমর্থকদের উদ্দেশ্যে নাগেলসম্যান বলেন, ‘আমরা আপনাদের হতাশ করেছি এবং এই বিশ্বকাপে আর কোনো ফুটবল-উচ্ছ্বাসের রাত উপহার দিতে পারবো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ব্যথিত।’
নাগেলসম্যানের পদত্যাগে জার্মানির নতুন কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন জার্গেন ক্লপ। পরবর্তী কোচ হিসেবে ক্লপকে নিয়োগ দিতে আগ্রহী জার্মান ফুটবল ফেডারেশন।
গ্রুপ পর্বে ৩ ম্যাচের ২টিতে জয় ও ১টিতে হেরে শেষ ৩২-এ ওঠে জার্মানি। সোমবার বোস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় তারা। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে ৪-৩ গোলে হেরে যায় জার্মানরা।
২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।