শিরোনাম

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচই ড্র করে শেষ ৩২’এ জায়গা করে নিয়েছে তারা। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।
আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে বাড়তি পরিকল্পনা বা কোন ছক করছে না কেপ ভার্দে, এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু।
সংবাদ মাধ্যমকে বেতোকু জানান, লিওনেল মেসিকে নিয়ে বাড়তি কোন পরিকল্পনা নেই আমাদের। প্রতিপক্ষের পরিকল্পনার দিকেই আমাদের নজর থাকবে।
বিশ্বকাপে অভিষেক ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে পিছিয়ে পড়েও উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে তারা। তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ৩২’এ জায়গা করে নেয় কেপ ভার্দে।
গ্রুপ পর্বের পারফরমেন্স ধরে রেখে নক আউটে আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে চায় কেপ ভার্দে। আর্জেন্টিনা ফেভারিট হলে পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন বেতোকু। তিনি বলেন, ‘আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারা আনন্দের বিষয়। তবে পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল প্রমাণ করে মাঠের ভেতরে কি ঘটছে সেটাই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আমাদের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে অনেক বেশি মনোযোগী।’
মেসিকে নিয়ে বেতোকু বলেন, ‘ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, মেসিকে আমরা এমন খেলোয়াড়ই মনে করি। তবে আমরা সবসময় দলীয় সমন্বয়ের ওপর নজর রাখি। যেমন প্রতিপক্ষের কি ধরনের কম্বিনেশন বা বোঝাপড়া হতে পারে এবং মেসির জন্য তারা কিভাবে জায়গা তৈরি করার চেষ্টা করতে পারে।’
আগামী ৪ জুলাই ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।