শিরোনাম

ঢাকা, ১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ থেকে জার্মানীর চমকপ্রদ বিদায়ের পর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কোচ জুলিয়ান নাগেলসম্যানের প্রতি সরাসরি সমর্থন জানাতে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, শেষ-৩২ পর্বে হতাশাজনক হারের পর আর সবকিছু আগের মতো চলতে পারে না।
সোমবার অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানী। এর মধ্য দিয়ে গত এক দশক ধরে বড় টুর্নামেন্টগুলোতে দলটির হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী সর্বশেষ তিনটি বিশ্বকাপেই আগেভাগে বিদায় নিয়েছিল। এছাড়া সর্বশেষ দুটি ইউরো চ্যাম্পিয়নশিপেও তারা কোয়ার্টার-ফাইনালের গন্ড পেরোতে পারেনি।
সোমবারের ম্যাচটি ছিল ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর জার্মানির প্রথম নকআউট ম্যাচ।
ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে জার্মানির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। সেখানে নাগেলসম্যানের ভবিষ্যৎ এবং ক্রীড়া কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের বিষয়ও আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার জার্মানীর গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে তার বদলে একটি বিবৃতি প্রকাশ করেছে ডিএফবি। সেখানে সমর্থকদের কাছে ‘তীব্র হতাশাজনক পরাজয়ের’ জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
নয়েনডর্ফ নিশ্চিত করেছেন বিশ্বকাপ থেকে বিদায়ের বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যেই নাগেলসম্যান এবং ক্রীড়া পরিচালক রুডি ফয়লারের সঙ্গে বৈঠক করেছেন।
বিবৃতিতে নয়েনডর্ফ বলেন, “আমরা সবাই একমত যে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স আমাদের নিজেদের মানদন্ডের অনেক নিচে ছিল।”
তিনি আরও বলেন, “আগামী কয়েক দিনে আমরা ঠান্ডা মাথায় সম্মিলিতভাবে আলোচনা করব, কেন দলটি নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দেখাতে পারেনি এবং কেন তারা নিজেদের প্রত্যাশা ও জার্মান ফুটবল পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এমন বিধ্বংসী ধাক্কার পর আমরা কোনোভাবেই সবকিছু আগের মতো চলতে দিতে পারি না এবং দেবও না। সামনে যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে আমাদের পরিবর্তনের পথেই এগোতে হবে।”
২০২৩ সালে দায়িত্ব পান নাগেলসম্যান। তার আগে হান্সি ফ্লিক জার্মানির ইতিহাসে প্রথম কোচ হিসেবে বরখাস্ত হয়েছিলেন। নাগেলসম্যানের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই পরাজয়ের পর তাকে ঘিরে সমালোচনা তীব্র হয়েছে।
১৯৯০ সালে পশ্চিম জার্মানীর হয়ে বিশ্বকাপজয়ী লোথার ম্যাথুস বলেছেন, ডিএফবির নাগেলসম্যানকে দায়িত্বে রাখা উচিত নয়। তার মতে, কোচের কৌশলে সৃজনশীলতার ঘাটতি ছিল।
২০১৪ সালের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলসও বলেছেন, এই ব্যর্থতার জন্য “দায়িত্বশীল ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে।” তিনি যোগ করেন, জার্মানীর হতাশাজনক ফলাফল “কোনো কাকতালীয় ঘটনা নয়।”
ম্যাচের পর ফয়লার নাগেলসম্যানকে “শীর্ষমানের কোচ” এবং “লড়াকু” বলে প্রশংসা করলেও, তাকে পূর্ণ সমর্থন দিতে চাননি।
তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করি, দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনিই সঠিক ব্যক্তি। কিন্তু ডিএফবি শুধু আমি নই। সিদ্ধান্তটা একা আমার নয়।”
নাগেলসম্যানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রায়ই যার নাম শোনা যায় সেই সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ জার্গেন ক্লপ সোমবার বলেছেন, এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়া নিয়ে আলোচনা করার সময় নয়।
জার্মান টেলিভিশনে বিশ্লেষকের দায়িত্ব পালনকালে ক্লপ বলেন, “এ নিয়ে আমি এখনো ভাবিনি। একজন কোচ হিসেবে আমিও বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যখন বড় একটি স্বপ্ন ভেঙে গেছে। জাতীয় দলের কোচের প্রসঙ্গ উঠলে আমার নাম আসবে, সেটি আমি বুঝি। কিন্তু এ বিষয়ে কথা বলার জন্য এখন মোটেও উপযুক্ত সময় নয়, বিশেষ করে আমার সঙ্গে তো নয়।”