শিরোনাম

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য প্রথম ইনিংসে ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ২৭০ রানের বড় লিড নেয় জিম্বাবুয়ে।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে লজ্জা হার বরণ করে নেয় বাংলাদেশ। ইনিংস ও ৮৫ রানে টেস্ট হারে টাইগাররা। দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। এছাড়া ইনিংস বিবেচনায় টেস্ট ইতিহাসে এটি সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ঐ ইনিংসের ব্যর্থতা আমাদের ম্যাচ হারের প্রধান কারণ।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে। কিন্তু আমরা ভালো ক্রিকেটই খেলছিলাম।’
গত কয়েক বছরে এই ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফেভারিট ছিল বাংলাদেশ।
নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণেই হার বরণ করতে হয়েছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
এই টেস্টে নিজেদের সেরা বোলিং আক্রমণ ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্ত জানান, মূল বোলারদের বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।
তবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘এটি পরিকল্পনারই অংশ । সাদা বলের ক্রিকেটে আমরা দুর্দান্ত খেলছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে দলের সবাই আত্মবিশ্বাসী।’
অন্যদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের দলনেতা রিচার্ড এনগারাভা। ম্যাচে পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদানও রাখেন তিনি।
ম্যাচ শেষে এনগারাভা বলেন, ‘অনুভূতিটা দারুণ। সবাই কিছু না কিছু অবদান রেখেছে। ইনোসেন্ট কাইয়া দুর্দান্ত ব্যাটিং করেছে। গত কয়েক বছর ধরেই আমাদের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান বেনেট। ভবিষ্যতে জিম্বাবুয়ের জন্য বড় সম্পদ হয়ে উঠবে পেসার নিউম্যান নিয়ামহুরি। আমরা এখন ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি এবং ধাপে ধাপে এগোতে চাইছি।’
টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রানের সুবাদে ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া। নিজের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, ‘মূল মন্ত্রটা ছিল বেশ সহজ। কঠোর পরিশ্রম করা এবং ফিট থাকা। উইকেট খেলার জন্য বেশ কঠিন ছিল।’
বাংলাদেশের বোলাররা ভালো করেছে বলে জানান কাইয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় তারা ভালো বল করেছে। তবে দিনটি আমার ছিল। আমি আমার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ফলাফল কী হবে, তা আমার জানা নেই।’