বাসস
  ১২ জুন ২০২৬, ২১:২৩

বিজয়-ইমনের সেঞ্চুরিতে ১৬ বছর পর ডিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের জোড়া সেঞ্চুরিতে ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

আজ লিগে ১১তম ও শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।  ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল মোহামেডান। 

১১ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ করে পয়েন্ট আছে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্স-আপ হয়েছে আবাহনী।

শিরোপা জিততে হলে শেষ রাউন্ডে মোহামেডানের সাথে সমীকরণ ছিল দু’টি। একটি হল- আবাহনীর বিপক্ষে জিততেই হবে, অন্যটি শেষ রাউন্ডের ম্যাচে হারতে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দিনের অন্য ম্যাচে ঢাকা লিওপাডর্সের কাছে বৃষ্টি আইনে ৯ রানে হারে প্রাইম ব্যাংক। দুই সমীকরণ মিলে যাওয়ায় শিরোপার স্বাদ পায় মোহামেডান। 

বিকেএসপি তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ের ১১৫ বলে ১৪১ এবং ইমনের ১১৬ বলে ১৫০ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৬ রানের পাহাড় গড়ে মোহামেডান। 

বিজয়ের ইনিংসে ১১টি চার ও ৯টি ছক্কা এবং ইমনের ইনিংসে ১০টি চার ও ১২টি ছক্কা ছিল।

এছাড়া মোহামেডানের হয়ে আফিফ হোসেন ৩৩ বলে ৬১ ও আনিসুল ইসলাম ইমন ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন। 

আবাহনীর হয়ে বল হাতে ইকবাল হোসেন ইমন, জিসান আলম, মেহেরব হোসেন ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।

৪০৭ রান তাড়া করতে নেমে ২৪ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে আবাহনী। ২৫তম ওভারে বজ্রপাত ও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে আর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে ২৪ দশমিক ৪ ওভারে ২৪২ রান করা দরকার ছিল আবাহনীর। ৬৩ রানের জয়ে শিরোপা জিতে মোহামেডান।

মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম, তাইবুর রহমান, মুশফিক হাসান, ও নাঈম আহমেদ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমন।