শিরোনাম

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ডান হাতের অনামিকার ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় প্রথমবারের মতো আর্জেন্টিনার সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বৃহস্পতিবার আর্জেন্টিনার সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেন তিনি।
গত ২০ মে ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে আঙুল ভেঙে যায় মার্টিনেজের। তারপরও বিশ্বকাপ দলে রাখা হয় তাকে। তবে আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন মার্টিনেজ।
আর্জেন্টিনা দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করার পর সর্বশেষ মেডিকেল পরীক্ষায় খেলার জন্য ফিট বিবেচিত হয়েছেন মার্টিনেজ।
ইনজুরির কারণে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাকে একাদশে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন মার্টিনেজ। সর্বশেষ মৌসুমে চতুর্থ হয়েছে ভিলা। দুর্দান্ত পারফরমেন্সের কারনে ইউরোপা লিগে বর্ষসেরা দলেও সুযোগ পেয়েছিলেন তিনি।
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি।
২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের বড় ভূমিকার স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস লাভ করেন মার্টিনেজ।
‘জে’ গ্রুপে অ আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে তারা।