শিরোনাম

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফিতে অনূর্ধ্ব-২০ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।
আজ পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের বিপক্ষে ৩৯-১৭ গোলে জয় পায় বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
মালদ্বীপের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন সুমল ও সোহাগ আলী।
আগামীকাল ১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ রানার্স আপ ইয়েমেনের। অন্য সেমিফাইনালে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্স আপ মালদ্বীপ।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত সুমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘সত্যি বলতে হ্যান্ডবল হল, টিম গেম। আজ সবাই এক সঙ্গে ভালো খেলেছি বলে জিতেছি। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে পুরস্কার জিতে খুব ভালো লাগছে। আসলে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস ছিল, ভালো কিছু করব। পারফরমেন্স দিয়ে নিজেকে ফুটিয়ে তুলব। এ ম্যাচে সেটাই হয়েছে।’
বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র সুমল তঞ্চঙ্গ্যার, ‘আমরা সব সময় মানসিকভাবে উজ্জীবিত থাকি। যে কারণে ভালো খেলতে পারি। তাছাড়া কোনো দলকে আমি ছোট ভাবছি না। এখানে যারা খেলছে প্রতিটি দলই শক্তিশালী। তবে আমাদের লক্ষ্য একটাই সেমিফাইনালে ভালো করা। আমরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চাই।’
এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারায় ভারত। ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে।