বাসস
  ০৯ জুন ২০২৬, ২০:৪১

বুধবার ঢাকায় শুরু হচ্ছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উড়ছে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান ও বাংলাদেশের পতাকা। স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। 

ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। 

‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে ১৩ জুন সেমিফাইনাল হবে। ১৪ জুন ফাইনাল। 

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

প্রতিযোগিতা উপলক্ষ্যে দলগুলো এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে। ভ্রমণক্লান্তির কারণে বেশিরভাগ দলই আজ মঙ্গলবার কোনো অনুশীলন করেনি। শুধু আফগানিস্তান পল্টনস্থ জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন করেছে। 

আগামীকাল বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।