বাসস
  ০৮ জুন ২০২৬, ২০:০৬

বিশ্বকাপ পরিকল্পনায় মোসাদ্দেক-নাহিদকে দলে নেওয়া হয়েছে : মিরাজ

মেহেদি হাসান মিরাজ -ফাইল ছবি

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার নাহিদ রানাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছে মোসাদ্দেক। সে ভালো ক্রিকেট খেলছে এবং ফিটনেসের দিক থেকেও ভালো অবস্থায় আছে। আমার মনে হয়, তাকে দলে ফেরানোর এটাই সঠিক সময়।’

মোসাদ্দেকের উপস্থিতি ব্যাটিং-বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে ও দলে আরও ভারসাম্য আনবে বলে জানান মিরাজ। 

তিনি বলেন, ‘সে দলে আরও ভারসাম্য আনবে এবং আমাদের লোয়ার-অর্ডার ব্যাটিংকে শক্তিশালী করবে। যে জায়গায় আমাদের কিছু দুর্বলতা আছে। আমার মনে হয়, মোসাদ্দেকের অন্তর্ভুক্তি সেই শূন্যস্থান পূরণ করবে এবং দলে চমৎকার ভারসাম্য আনবে।’

দলে একজন অতিরিক্ত বোলিং বিকল্প থাকার গুরুত্ব তুলে ধরে মিরাজ জানান, এটি টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি সুবিধা দেয় এবং ম্যাচের সময় অধিনায়কের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে। 

পেসার রানাকে ফেরানোর বিষয়েও ব্যাখ্যা দেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘আমরা সবাই রানার সামর্থ্য সম্পর্কে জানি। সে ভালো গতির পাশাপাশি সঠিক জায়গায় বল করতে পারে। আগামী বছর বিশ্বকাপ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় সফল হতে হলে দলে মানসম্পন্ন পেসার থাকা খুবই জরুরি। আমরা তার ওপর আস্থা রেখেছি, তাকে নিয়মিত সমর্থন দিয়েছি এবং সে সেই আস্থার প্রতিদান দিয়েছে।’

মিরাজ জানান, বিভিন্ন কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এমন দল গঠনের দিকে নজর দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বিশ্বকাপ অভিযানের জন্য একটি শক্তিশালী পেস আক্রমণ গড়ে তোলার ওপর জোর দিচ্ছে তারা।