শিরোনাম

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিভাগীয় ও জেলার প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
দিনভর নির্বাচন শান্তিপূর্ণ ও ঘটনাবিহীন ছিল। বিভাগীয় ও জেলা সমিতি বিভাগে প্রতিযোগিতা সীমিত ছিল। যেখানে বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-১ নির্বাচনে খুলনা বিভাগে তিনজন প্রার্থী ছিলেন। সেখানে শান্তুনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন জয়ী হন।
বরিশাল বিভাগে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র পরিচালক হিসেবে জয় পান মিজানুর রহমান।
এর আগে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগ থেকে দু’টি পরিচালক পদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সমিতির মঈন উদ্দিন চৌধুরী।