বাসস
  ০৬ জুন ২০২৬, ২০:২০

হৃদয়-মুশফিকের সেঞ্চুরিতে শীর্ষ স্থান ধরে রাখল মোহামেডান

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

লিগের নবম রাউন্ডের ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ৪৭ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে গাজী গ্রুপ। 

পিকেএসপিতে গতকাল শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ১১৬ বলে ১০৭ তুলেন মোহামেডানের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও এনামুল হক। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন। নাইম ৫৩ ও এনামুল ৬২ রান করেন। 

দলীয় ১৪৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন হৃদয় ও মুশফিক। তৃতীয় উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন তারা। এতে বৃষ্টির কারনে ৪২ ওভারে নির্ধারিত ম্যাচে ৪ উইকেটে ৩৩৩ রান করে মোহামেডান।

আগের ম্যাচের মত এবারও সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৮টি চার ও ৪টি ছক্কায় ৬৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। 

ঝড়ো সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কার সহায়তায় ৫৫ বলে ১০০ রান করেন মুশফিক। গাজী গ্রুপের চার বোলার ১টি করে উইকেট নেন। 

বৃষ্টি আইনে ৪২ ওভারে ৩৩৫ রানের লক্ষ্য পায় গাজী গ্রুপ। জবাব দিতে নেমে ২ উইকেটে ৪১ রান করে গাজী গ্রুপ। এরপর বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায়, ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ায়। 

আজ রিজার্ভ ডেতে অধিনায়ক সাব্বির হোসেনের সেঞ্চুরির পরও হার বরণ করে নেয় গাজী গ্রুপ। ৪২ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে তারা। ছয় নম্বরে নেমে ১১টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে অপরাজিত ১০৪ রান করেন সাব্বির। 

এছাড়া ওপেনার শোভন মোরল ৩৪ বলে ৫৬ ও মাহফুজুল ইসলাম ৩০ রান করেন।

মোহামেডানের তাইজুল ইসলাম ৩৬ রানে ৪ উইকেট নেন। ঝড়ো সেঞ্চুরির ইনিংসে ম্যাচ সেরা খেলোয়াড় হন মোহামেডানের মুশফিক।