শিরোনাম

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম অনুশীলন সেশন করবে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়ানডের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে অসিরা।
শুক্রবার সরাসরি পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছায় অস্ট্রেলিয়া। সদ্যই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অসিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, আগামীকাল অনুশীলন করবে বাংলাদেশও। একই দিন বিসিবির নির্বাচন থাকায় ভিন্ন ভিন্ন সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে দু’দল।
৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের পরের দুই ম্যাচ খেলবে দু’দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।
ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
২০১১ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অসিরা। তাই ১৫ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া।
২০২১ সালে সর্বশেষ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হারে অসিরা। ফলে যেকোন ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
বাংলাদেশ সফরের দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসত্রয়ীর প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।