শিরোনাম

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপে খেলতে নামার আগে তিনটি প্রীতি ম্যাচেই জয় পেয়েছে সহআয়োজক দেশ মেক্সিকো।
আজ সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেক্সিকো ৫-১ গোলে হারিয়েছে সার্বিয়াকে। বিশ্বকাপের আগে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল মেক্সিকো। গেল মাসে ঘানাকে ২-০ গোলে এবং অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল হজম করে মেক্সিকো। মিডফিল্ডার পেতার স্তানিচের গোলে লিড নেয় সার্বিয়া।
৩৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। সেন্টার-ব্যাক ইয়োহান ভাসকুয়েজের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা।
প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সার্বিয়ার স্তেফান বুকিনাচের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে সার্বিয়ার জালে তৃতীয় গোল দিয়ে ব্যবধান ৩-১ করেন স্ট্রাইকার রাউল হিমেনেস।
৭২ মিনিটে আবার আত্মঘাতী গোল উপহার পায় মেক্সিকো। এবার নিজেদের জালে বল জড়ান সার্বিয়ার আদেম আভডিক।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে মেক্সিকোর হয়ে পঞ্চম ও শেষ গোল করেন মিডফিল্ডার লুইস শাভেস। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল মেক্সিকো।
আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। উদ্বোধনী দিন ঘরের মাঠ মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। ‘এ’ গ্রুপে থাকা মেক্সিকোর অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।