বাসস
  ০৫ জুন ২০২৬, ১৯:৫৭

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ নারী দল

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : ওপেনার দিলারা আক্তারের রেকর্ড হাফ-সেঞ্চুরিতে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করল টাইগ্রেসরা।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে স্কটল্যান্ড। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস। টুর্নামেন্টের কোনো ফাইনাল অনুষ্ঠিত হবে না। 

গতরাতে এডিনবার্গে বৃষ্টির কারণে ৮ ওভারে নির্ধারিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিলারার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৮ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে টাইগ্রেসরা। 

মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি করেন দিলারা। নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এটি দ্রুততম হাফ-সেঞ্চুরি। 

ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৮টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ৫১ রান করেন দিলারা। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১৩ ও সোবহানা মোস্তারি অপরাজিত ১১ রান করেন। 

জবাবে ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান করে ম্যাচ হারে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন বাবিতি ডি লিডে। 

বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ও রিতু মনি ২টি করে উইকেট নেন। 

এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছিল বাংলাদেশ। ফিরতি পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় টাইগ্রেসরা।