শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে গত আসরের রানার্স-আপ ফ্রান্স। গতরাতে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফরাসিরা।
ন্যান্তেসে শুরু থেকেই বল দখলে রেখেছিল ফ্রান্স। গোলের সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ভাগ্যের সহায়তা না পাওয়ায়, গোলের দেখা পায়নি। অবশেষে প্রথমার্ধের শেষ মুহূর্তে কাক্সিক্ষত গোলের দেখা পায় ফ্রান্স।
ম্যাচের ৪৫ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় দুইবারের বিশ^ চ্যাম্পিয়নরা।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই গোল হজম করে ফ্রান্স। বল দখলে নিয়ে ফ্রান্সকে চাপে ফেলে দেয় আইভরি কোস্ট।
৫৩ মিনিটে নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে।
১-১ সমতা থাকায় গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্য ছিল দুই দলেরই। ম্যাচের শেষ দিকে বাজিমাত করে আইভরি কোস্ট। ৮৪ মিনিটে দলকে দ্বিতীয় গোলের স্বাদ দেন বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় আফ্রিকার দলটি।
টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ১০বার খেলোয়াড় পরিবর্তন করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এরমধ্যে বিরতির সময় অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে তুলে নেওয়া হয়।
হারের পর ফ্রান্সের কোচ দেশম বলেন, ‘আমরা খুব বেশি খারাপ খেলিনি। তবে হার কখনো সুখকর হয় না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি। কিন্তু হারের জন্য এটি কোনো অজুহাত হতে পারে না। আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। আশা করছি, মূল লড়াইয়ের আগে সব ঠিক হয়ে যাবে।’
বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগামী সোমবার নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।
১৬ জুন ‘আই’ গ্রুপে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ফ্রান্স। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ‘ই’ গ্রুপে থাকা আইভোরি কোস্ট।