শিরোনাম

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : আফ্রিকায় ইবোলা ভাইরাসের কারণে স্পেনে অনুষ্ঠিতব্য ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ফিফা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি ও স্থানীয় কর্তৃপক্ষের আপত্তির জেরে স্পেনের স্থানীয় প্রশাসন প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৯ জুন স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিওন শহরে ডিআর কঙ্গো ও চিলির প্রস্তুতির ম্যাচ হবার কথা ছিল। কিন্তু ইবোলা পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তার পর ম্যাচটি বাতিল করা হয়।
স্পেন শহরের মেয়র হুয়ান ফ্র্যাঙ্কো জানান, আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় চিকিৎসা পরিষেবার সঙ্গে কথা বলার পর ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্র্যাঙ্কো বলেন, ‘আমি ডিআর কঙ্গো ও চিলির ম্যাচ বন্ধ করার নির্দেশে সই করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের প্রধান স্পষ্ট জানিয়েছেন, সম্ভাব্য স্বাস্থ্যের ঝুঁকির কথা মাথায় রেখে এই ম্যাচ আয়োজন করা ঠিক হবে না। তাই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইবোলা রোগের প্রাদুর্ভাব সরকারিভাবে ঘোষনা করে ডিআর কঙ্গো। এরপর কঙ্গোর উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, বিশ্বকাপে খেলতে হলে ২১ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালীন হিউস্টনে থাকবে ডিআর কঙ্গো।
১৯৭৪ সালে জাইরে নামে সর্বশেষ ফিফা বিশ্বকাপ খেলেছিল ডিআর কঙ্গো। এরপর দীর্ঘ ৫৪ বছর অপেক্ষার পর আবারও বিশ্বকাপে খেলতে নামবে তারা।
১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডাএবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ১৭ জুন ‘কে’ গ্রুপে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ডিআর কঙ্গো। এরপর ২৪ জুন কলম্বিয়া এবং ২৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ডিআর কঙ্গো।