বাসস
  ০৩ জুন ২০২৬, ১৩:০৬

লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৪ জুন থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি : ছবি- সংগৃহীত

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৪ জুন থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ড।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত টেস্ট দলে ফিরেছেন ডান-হাতি পেসার ওলি রবিনসন। এদিকে দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ- ডারহাম টপ অর্ডার ব্যাটার এমিলিও গে ও হ্যাম্পশায়ার ফাস্ট বোলার সনি বেকার। দুজনেরই টেস্ট দলে অভিষেকের আশা করা হচ্ছে।

এর আগে ঘোষিত ১৫ জনের টেস্ট দল থেকে তিনজন বাদ পড়েছেন- জেমস রিউ, রেহান আহমেদ ও ম্যাট ফিশার।

গত বছরের জুলাই থেকে টেস্ট দলের বাইরে থাকা শোয়েব বশিরের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস এ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, এমিলিও গে, ওলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জস টাং।