বাসস
  ০২ জুন ২০২৬, ১২:১৪

লিলির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন আনচেলত্তির ছেলে ডেভিড

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : লিগ ওয়ানের ক্লাব লিলির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। তিনি ব্রাজিল জাতীয় দলের বর্তমান ও রিয়াল মাদ্রিদের সাবেক বস কার্লো আনচেলত্তির ছেলে। 

দুই বছরের চুক্তিতে ডেভিড লিলিতে যোগ দিয়েছেন। যদিও বিশ্বকাপ শেষ হবার পর তিনি উত্তর ফ্রান্সের দলটিতে যোগ দিবেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

গত বছর ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে ছয় মাসের জন্য কোচের দায়িত্ব পালন করেছেন ৩৬ বছর বয়সী ডেভিড। নতুন চুক্তি প্রসঙ্গে ডেভিড আনচেলত্তি বলেছেন, ‘আমি সত্যিই খুবই গর্বিত ও খুশী। লিলিকে প্রতিনিধিত্ব করা খুবই সম্মানের। তারা নিয়মিত ভাবে ইউরোপীয়ান ফুটবলে খেলে থাকে।’

এবারের মৌসুমে লিগ ওয়ানের টেবিলে তৃতীয় স্থানে থাকার কারনে লিলি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে। চ্যাম্পিয়ন পিএসজির থেকে তারা ১৫ পয়েন্ট পিছিয়ে মৌসুম শেষ করেছে। 

আগামী ২২-২৩ আগস্ট লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হবে।