শিরোনাম

ঢাকা, ২১ মে ২০২৬ (বাসস) : ইনজুরিতে আক্রান্ত ক্রিকেটারদের জন্য বিশ্বমানের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে চান বাংলাদেশের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের অধ্যায় শেষে বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) প্রোগ্রামের সাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর এ কথা বলেন সালাহউদ্দিন।
গতকাল শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি জাতীয় দলের সাথে শেষ অ্যাসাইনমেন্ট ছিল সালাহউদ্দিনের। জয়ের পর ড্রেসিংরুমে কোচিং স্টাফদের কাছ থেকে বিদায় নেন তিনি।
আজ সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দু’টি বিকল্প দিয়েছিলন। জাতীয় দলের সঙ্গে থাকা বা বাংলাদেশের ক্রিকেট পাইপলাইনকে শক্তিশালী করতে সাহায্য করা।
সালাহউদ্দিন বলেন, ‘আলোচনার পর আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি।’
অভিজ্ঞ কোচ সালাহউদ্দিন জানান, এইচপি প্রোগ্রামটি প্রাথমিকভাবে বর্তমান কাঠামোতে চলবে। কিন্তু ধীরে ধীরে এটিকে দীর্ঘমেয়াদী খেলোয়াড়দের উন্নয়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমিতে রূপান্তরিত করা হবে।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য হবে, ইনজুরি থেকে সেরে উঠার পদ্ধতির উন্নতি করা।
বিশেষ করে পেস বোলারদের জন্য।
তিনি বলেন, ‘আমাদের পেসারদের চোট থেকে সেরে উঠতে অনেক সময় লাগে। আমি একটি বিশ্বমানের পুনর্বাসন কেন্দ্র তৈরি করতে চাই। যদি আমরা এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব।’
জাতীয় দল ছেড়ে গেলেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘আমি স্টেডিয়াম ছাড়ছি না। খেলোয়াড়রা এখানেই থাকবে এবং আমিও আশেপাশেই থাকব।
হয়তো ড্রেসিংরুমের পরিবেশটা আমার মনে পড়বে, কারণ সেসব মুহূর্তগুলো বিশেষ ছিল।’