বাসস
  ২১ মে ২০২৬, ২১:৩১

জার্মানীর বিশ্বকাপ দলে ডাক পেলেন অভিজ্ঞ নয়্যার

ঢাকা, ২১ মে ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে জার্মানীর ২৬ সদস্যের দলে বিস্ময়কর ভাবে ডাক পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আন্তর্জাতিক অবসর থেকে ফিরে এসে এনিয়ে পঞ্চম বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন নয়্যার। 

৪০ বছর বয়সী এই গোলরক্ষক ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু কোচ জুলিয়ান নাগলেসম্যান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে অলিভার বমানের স্থানে তিনি খেলতে নামবেন। 

ফ্র্যাংকফুর্টে বিশ্বকাপ দল ঘোষনার সময় নাগলেসম্যান বলেন, ‘সবাই নয়্যারের প্রতিভা সম্পর্কে জানে। সে যে আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমেয়। বিশ্বমানের এই গোলরক্ষককে আমাদের পরিকল্পনায় এক নম্বরেই রেখেছি। নিজের পজিশনে সবসময়ই সে বিশেষ গুরুত্ব রাখে।’

দলের অধিনায়কত্ব ধরে রেখেছেন জসুয়া কিমিচ। 

ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের সাবেক এবং গ্যালাতাসারের বর্তমান উইঙ্গার লেরয় সানে জাতীয় দলে তার জায়গা ধরে রেখেছেন। 

নাগলেসম্যান স্বীকার করেছেন এবারের মৌসুমে সানের ক্লাব পরিসংখ্যান ততটা সমৃদ্ধ নয়। কিন্তু জার্মানীর হয়ে শেষ চার ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন। 

২০১৪ বিশ্বকাপের দল থেকে শুধুমাত্র মিউনিখের নয়্যার জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন। এই বিশ্বকাপের আরেক তারকা মাথিয়াস গিনটারের স্থানে সেন্ট্রাল ডিফেন্সে মালিক থিয়াওকে দলে নেয়া হয়েছে। 

মার্চে প্রীতি ম্যাচে খেলার পর দল থেকে বাদ পড়েছেন বায়ার্নের গোলরক্ষক ইওনাস উরবিগ। কিন্তু অনুশীলনে সহযোগিতা করার জন্য তিনি বিশ্বকাপ দলের সাথে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 

গোঁড়ালির হাড়ে চিড় ধরায় মার্চে খেলতে না পারা মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা সুস্থ হয়ে দলে ফিরেছেন। 

প্রিমিয়ার লিগের তারকা ফরোয়ার্ডদের নাগলেসম্যান দলভূক্ত করেছেন। যাদের মধ্যে রয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের কেই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান রিটজ ও নিউক্যাসলের নিক ওল্টেমাডে। 

এই প্রথমবারের মত বড় কোন টুর্ণামেন্টে জাতীয় দলে ডাক পেয়েছেন বায়ার্নের ১৮ বছর বয়সী তরুন তুর্কি লেনার্ট কার্ল। 

উরুর ইনজুরির কারনে এবারের বিশ্বকাপ খেলতে পারছেন না বায়ার্ন ফরোয়ার্ড সার্জি গ্যানাব্রি। একই কারনে দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। 

১৯৩৮ সালের পর প্রথমবারের মত ২০১৮ সালে জার্মান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। চার বছর পর কাতারে একই ঘটনার পনুরাবৃত্তি হয়। ২০১৬ ইউরোর সেমিফাইনালে খেলার পর জার্মানী আন্তর্জাতিক টুর্নামেন্টে ততটা ভাল করতে পারেনি। এরপর জার্মানী মাত্র একটি টুর্নামেন্টে নক আউট পর্বে জয়ী হয়েছে। ২০২৪ সালের ইউরোতে ডেনমার্ককে ২-০ গোলে পরাজিত করেছিল তারা। 

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে গ্রুপ-সি’র প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর।

জার্মানী স্কোয়াড :
গোলরক্ষক : অলিভার বমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্দার নুয়েবেল
ডিফেন্ডার : ওয়াল্ডেমার এন্টন, ন্যাথানিয়লে ব্রাউন, জসুয়া কিমিচ, ডেভিড রম, এন্টোনিও রুডিগার, নিক শোটারবেক, জোনাথন টাহ, মালিক থিয়াও

মিডফিল্ডার : নাদিয়েম আমিরি, লিও গোয়েতজা, পাসকাল গ্রস, জেমি লিওয়েলিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স এনমেচা, আলেক্সান্দার পাভলোভিচ, এ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান রিটজ
ফরোয়ার্ড : ম্যাক্সিমিলিয়ান বেয়ার, কেই হাভার্টজ, লেনার্ট কার্ল, লেরয় সানে, ডেনিজ উনডাভ, নিক ওল্টেমেড।