বাসস
  ২১ মে ২০২৬, ১৯:৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই ফখর ও সাইম

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ মে ২০২৬ (বাসস) : ইনজুরির কারনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না পাকিস্তানের দুই ব্যাটার ফখর জামান ও সাইম আইয়ুব। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না ইনজুরি আক্রান্ত ফখর ও সাইম। পিসিবির চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি চলছে তাদের।

বিবৃতিতে বলা হয়, ‘এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ফখর ও সাইম। এজন্য  অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বিবেচনা করা হবে না তাদের। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যত দ্রুত সম্ভব তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছি।’

অস্ট্রেলিয়া সিরিজের দল খুব শিগগিরই ঘোষনা করা হবে জানিয়েছে পিসিবি। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৩০ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২ ও ৪ জুন।

২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ঐ সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

সর্বশেষ চলতি বছরের শুরুতে পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া। গত জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় অসিরা।