বাসস
  ২০ মে ২০২৬, ২০:০৯

সিটি ড্র করায় আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ মে ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করায় ২২ বছরের মধ্যে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আর্সেনারের। শিরোপা জয় নিশ্চিত হবার সাথে সাথে এমিরেটস স্টেডিয়ামের চারপাশে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শেষ ম্যাচ পর্যন্ত লড়াই টিকিয়ে রাখতে সিটির জয় প্রয়োজন ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়। এই ড্রয়ে তাদেও পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব না। এর মাধ্যমে আর্সেনাল ছয় বছরের ট্রফিখরা কাটাল।

গত তিন মৌসুমে রানার্স-আপ হওয়ার পর মিকেল আর্তেতার দল অবশেষে শিরোপা জিতলো। ২০০৪ সালে আর্সেন ওয়েঙ্গারের ‘অপ্রতিরোধ্য’ দলের পর এটি লন্ডনের ক্লাবটির প্রথম ইংলিশ লিগ শিরোপা।

সোমবার রেলিগেটেড বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয়ে আর্সেনাল ১৪তম ইংলিশ শীর্ষ লিগ শিরোপার খুব কাছে পৌঁছে যায়। সেই জয়ে তারা সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যায়।

পুরো মৌসুমের বেশিরভাগ সময় শীর্ষে থাকা গানার্সরা গত মাসে সিটির কাছে হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তারা টানা চারটি লিগ ম্যাচ জিতেছে এবং একটিও গোল হজম করেনি।

সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “আর্সেনাল, মিকেল, কোচিং স্টাফ, খেলোয়াড় এবং সমর্থকদের এই প্রিমিয়ার লিগ জয়ের জন্য অভিনন্দন। তোমরাই এর যোগ্য!”

সোমবার এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে ঘরোয়া ডাবল জয়ের মাত্র ৪৮ ঘণ্টা পর, ব্যাপক গুঞ্জন ছড়ায়- মৌসুম শেষে এক দশক দায়িত্ব পালনের পর গার্দিওলা ক্লাব ছাড়তে পারেন। ওয়েম্বলিতে জয় ছিল গার্দিওলার গৌরবময় সময়ের ২০তম ট্রফি। তবে আগামী সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে সম্ভাব্য শেষ ম্যাচে তিনি আর সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপা যোগ করতে পারলেন না।

নিজের ভবিষ্যৎ নিয়ে গার্দিওলা বলেন, “প্রথমে আমাকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে। মৌসুম শেষ হলে আমরা বসব, কথা বলব, তারপর সিদ্ধান্ত নেব। বিষয়টি এতটাই সহজ।”

শিরোপা নিশ্চিতের সাথে সাথে উত্তর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের চারপাশে লাল ধোঁয়া ছড়িয়ে পড়ে, সমর্থকেরা “কাম্পেওনেস” গান গায় এবং আর্তেতার নাম ধ্বনি তোলে।

ভাইটালিটি স্টেডিয়ামে গতকাল ম্যাচ দেখার জন্য জড়ো হওয়া আর্সেনাল খেলোয়াড়দের মধ্যেও উল্লাসের দৃশ্য দেখা যায়। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওয়েঙ্গার বলেন, “তোমরা পেরেছ! অন্যরা থেমে গেলে চ্যাম্পিয়নরা এগিয়ে যায়। এটি তোমাদের সময়। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করো।”

গার্দিওলা আগেই সতর্ক করেছিলেন ক্লান্তি সিটির জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ বোর্নমাউথ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে অত্যন্ত অনুপ্রাণিত ছিল।

ম্যাচের শুরুতেই সিটি সমর্থকেরা “ওয়ান মোর ইয়ার, গার্দিওলা” স্লোগান দেয়, যাতে তাদের সফল কোচকে আরেক মৌসুম থাকার জন্য রাজি করানো যায়। কিন্তু খেলোয়াড়রা সেই আবেগে অনুপ্রাণিত হয়ে জয় উপহার দিতে পারেনি।

৩৯তম মিনিটে এলি জুনিয়র ক্রুপির দুর্দান্ত কার্ল শটে গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন। এর মাধ্যমে তিনি অভিষেক প্রিমিয়ার লিগ মৌসুমে টিনএজার খেলোয়াড় হিসেবে ১৩ গোলের নতুন রেকর্ড গড়েন।

স্বাগতিকরা আরও সুযোগ নষ্ট করায় যোগ করা সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরানোর সুযোগ পান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, সিটির শিরোপা আশা বাঁচানো সম্ভব হয়নি।