শিরোনাম

ঢাকা, ২০ মে ২০২৬ (বাসস) : আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ব্যাটার সালমান আগাকে তিরস্কার করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২তম ওভারে স্বাগতিক স্পিনার তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ৭১ রানে ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাট দিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন সালমান।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করলে তার শাস্তি কি হতে পারে।
সালমানের বিরুদ্ধে অনফিল্ড দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।
এজন্য তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সালমানকে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এর আগে বাংলাদেশের বিপক্ষে চলতি বছরের মার্চে ঢাকায় ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করেছিলেন তিনি। এতে করে মোট দুই ডিমেরিট পয়েন্ট হলো তার।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ৩২ বছর বয়সী সালমান। এজন্য আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙার সর্বনিম্ন শাস্তি হলো- আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সেই সাথে এক বা দু’টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।