বাসস
  ২০ মে ২০২৬, ১৭:৩৬
আপডেট : ২০ মে ২০২৬, ১৮:০২

ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ

ঢাকা, ২০ মে ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৪.৪৪ শতংাশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। 

আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠল টাইগাররা। 

ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠতে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের আগে পঞ্চম স্থানে ছিল টিম ইন্ডিয়া।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার-ড্রতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

এই চক্রে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ খেলেছিল টাইগাররা। শ্রীলংকা সফরে দুই ম্যাচের সিরিজের ১টিতে পরাজয় ও ১টিতে ড্র করেছিল তারা।

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমেছিল পাকিস্তান। তখন তাদের ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট ছিল। ঐ টেস্টে স্লো ওভার রেটের দায়ে ৮ পয়েন্ট কাটা হয় পাকিস্তানের। ফলে ৪ পয়েন্ট ও ১১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে যায় পাকিস্তান। 

এবার বাংলাদেশের কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরে যাওয়ায় এখন পাকিস্তানের আছে ৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে আগের মত অষ্টম স্থানে আছে তারা। নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১এ ড্র করেছিল পাকিস্তান।

এই চক্রে সবার উপরে আছে সাবেক বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট আছে অসিদের। 

৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে ড্র করেছে কিউইরা। 

এরপর তৃতীয় ও চতুর্থ পঞ্চম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৭৫ শতাংশ পয়েন্ট) এবং শ্রীলংকা (২ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট)। 

১০ ম্যাচে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে ৪.১৭ শতাংশ পয়েন্ট আছে ক্যারিবীয়দের।