বাসস
  ১৯ মে ২০২৬, ১৯:১২

বার্সেলোনার সাথে আরও একবছর চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন ফ্লিক

হান্সি ফ্লিক

ঢাকা, ১৯ মে ২০২৬ (বাসস) : বার্সেলোনার কোচ হিসেবে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন হান্সি ফ্লিক। টানা দুটি লা লিগা শিরোপা জেতানোর পর ফ্লিকের সাথে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা।

ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে তিনি আরও এক বছরের বর্ধিত চুক্তিতে রাজি হয়েছেন, যেখানে ২০২৯ পর্যন্ত থাকার একটি শর্ত রাখা হয়েছে।

ফ্লিক বলেন, “এতে আমি খুব খুশি। আমরা ২০২৮ পর্যন্ত কাজ করবো, তারপর দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আরও এক বছর থাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”

তিনি আরও বলেন, “ক্লাবের অধিকার আছে, আমারও অধিকার আছে। এটি সত্যিই একটি ভালো চুক্তি। আমি জানি, আমি এখানে সঠিক জায়গাতেই আছি।”

এর আগে ফ্লিক বলেছিলেন, এটিই হবে তার কোচ হিসেবে শেষ চাকরি। ২০২৪ সালে জাবি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই তিনি বড় সাফল্য পেয়েছেন। তার অধীনে বার্সেলোনা সম্ভাব্য ছয়টি ঘরোয়া শিরোপার মধ্যে পাঁচটি জিতেছে।

৬১ বছর বয়সী এই কোচ প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান। তার হাত ধরেই লা লিগা, কোপা ডেল ডে ও সুপারকোপা ঘরে তুলে বার্সা। 

এই মৌসুমেও বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। তবে কোপা দেল রে’র সেমিফাইনালে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়।

সবচেয়ে বড় আক্ষেপ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সফল হতে না পারা। ২০১৫ সালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে বার্সেলোনা আর ফাইনালে উঠতে পারেনি। গত মৌসুমে তারা সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে এবং এবার কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিকোর কাছে হেরে বিদায় নেয়।

ফ্লিক বলেন, “এই নতুন চুক্তি আমাদের আরও কঠোর পরিশ্রম করার বড় অঙ্গীকার। দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং শিরোপা জেতাই লক্ষ্য। বার্সেলোনার জন্য এটি স্বাভাবিক বিষয়। আমি জানি সবারই স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমরা চেষ্টা করেছি, আবারও চেষ্টা করব।”

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে ফ্লিক জার্মানী জাতীয় দল এবং বায়ার্ন মিউনিখের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

তিনি কয়েক বছর জার্মানীর সাবেক কোচ জোয়াকিম লোয়ের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী কোচিং স্টাফের সদস্য ছিলেন।