বাসস
  ১৮ মে ২০২৬, ২২:৫৩

ফ্লাওয়ার-পান্তের রেকর্ড স্পর্শ করতে পারলেন না লিটন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মে ২০২৬ (বাসস) : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১২৬ ও ৬৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির স্বাদ নিতে পারলেই জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও ভারতের ঋসভ পান্তের রেকর্ড স্পর্শ করতে পারতেন লিটন। নিজেদের টেস্ট ক্যারিয়ারে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড আছে ফ্লাওয়ার ও পান্তের। 

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড প্রথম গড়েছিলেন ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন তিনি। ঐ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ফ্লাওয়ারের রান ছিল ৩৪১। যা উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক টেস্টে এখনও সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

ফ্লাওয়ারের কীর্তির ২৬ বছর পর বিশ্বের দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান পান্ত। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৩৪ ও ১১৮ রানের ইনিংস খেলেন তিনি। 

ফ্লাওয়ার ও পান্তের অনন্য রেকর্ডের পাশে বসতে না পারলেও, নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছেন লিটন। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক টেস্টে তিন বার সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন লিটন। যা বাংলাদেশের কোন উইকেটরক্ষক-ব্যাটারের নেই। 

এর আগে ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে ১১৪ ও ৫৯ রান করেছিলেন লিটন। এরপর ২০২২ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্টে ১৪১ ও ৫২ রানের দু’টি ইনিংস খেলেন লিটন। 

তবে বাংলাদেশের হয়ে তিনবার করে এক টেস্টে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর রেকর্ড স্পর্শ করেছেন লিটন। ক্যারিয়ারে তিনবার করে এক টেস্টে শতক ও অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ও শান্ত।