বাসস
  ১৬ মে ২০২৬, ২০:৫০

মোসাদ্দেক-সাব্বিরের নৈপুণ্যে আবাহনীর হ্যাটট্রিক জয়

ঢাকা, ১৬ মে ২০২৬ (বাসস) : অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমানের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। 

লিগের পঞ্চম রাউন্ডে আজ আবাহনী ৪ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। প্রথম দুই রাউন্ডের ম্যাচ হেরেছিল আবাহনী। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আবাহনী। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বসুন্ধরাকে ব্যাট করতে পাঠায় আবাহনী। পেসার রোহানাত দৌলা বর্ষণের তোপের মুখে পড়ে ২৭ রানে ৪ উইকেট হারায় বসুন্ধরা। এসময় ৩ উইকেট নেন বর্ষণ। 
পঞ্চম উইকেটে দুই মিডল অর্ডার ব্যাটার আমিনুল ইসলাম ও নাহিদুল ইসলামের ১৩৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ৪০তম ওভারে ১৬০ রানে পৌঁছে যায় বসুন্ধরা।

কিন্তু আমিনুল ৮১ ও নাহিদুল ৬৩ রানে ফেরার পর বসুন্ধরার লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় বসুন্ধরা।

আবাহনীর বর্ষণ ৩৪ রানে ৪ এবং খালেদ ও মোসাদ্দেক ২টি করে উইকেট নেন। 

জবাবে বসুন্ধরার দুই পেসার রুয়েল মিয়া ও জিয়াউর রহমানের তোপে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। দলের দুই ওপেনার জিশান আলম ও সৌম্য সরকার ২ রান করে, মাহিদুল ইসলাম অঙ্কন ১৯ ও এসএম মেহরব ৬ রানে আউট হন।

পঞ্চম উইকেটে ৭৮ রানের জুটি গড়ে আবাহনীকে লড়াইয়ে ফেরান জাকের আলি ও মোসাদ্দেক। দলীয় ১৪৯ রানের মধ্যে সাজঘরে ফিরেন জাকের-মোসাদ্দেক। ৪টি চার ও ১ ছক্কায় জাকের ৪৩ এবং ৩ চার ও ৫ ছক্কায় মোসাদ্দেক ৫৭ রান করেন।

এরপর সপ্তম উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে আবাহনীর জয় নিশ্চিত করেন সাব্বির ও মাহফুজুর রহমান রাব্বি। ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন সাব্বির। ২২ রানে অপরাজিত থাকেন রাব্বি। 

২টি করে উইকেট নেন বসুন্ধরার রুয়েল ও জিয়াউর। ম্যাচ সেরা হন মোসাদ্দেক।