বাসস
  ১৬ মে ২০২৬, ২০:৪৫

শাহাদাতের সেঞ্চুরিতে প্রথম হার মোহামেডানের

ঢাকা, ১৬ মে ২০২৬ (বাসস) : টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের পঞ্চম রাউন্ডে আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৩ উইকেটে হারের লজ্জা পায় মোহামেডান। 

মোহামেডানকে প্রথম হার উপহার দিয়ে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেল মোহামেডান। 

বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। ওপেনার আনামুল হক ১৯ বিদায় নিলেও জোড়া হাফ-সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন। ৪টি ছক্কায় ইমন ৫২ রানে আউট হলেও, সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামেন নাইম। ৯ চার ও ২ ছক্কায় ১০৭ বলে ৯৯ রান করেন নাইম। 

মিডল অর্ডারে রিশাদ হোসেন ৭ ও অধিনায়ক তাওহিদ হৃদয় ১৮ রানে আউট হবার পর মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন আফিফ হোসেন-ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় মোহামেডান। 

আফিফ অপরাজিত ৪৯, ইয়াসির ২২ ও সাইফুদ্দিন অনবদ্য ২০ রান করেন। প্রাইম ব্যাংকের আবু হাসিম ৩০ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ওপেনার শাহাদাত হোসেনের সেঞ্চুরির সাথে দলের অন্যান্য ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ৫ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। 

১০ চার ও ২ ছক্কায় ১২৩ বলে ১১৮ রান করেন শাহাদাত। এছাড়া অধিনায়ক আকবর আলি ৪০, শামিম হোসেন ২১ বলে ৩৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩৬ রান করেন। 

মোহামেডানের সাইফুদ্দিন ৪ উইকেট শিকার করেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান প্রাইম ব্যাংকের শাহাদাত। 

দিনের অন্যান্য ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জ ২০৫ রানে গুলশান ক্রিকেট ক্লাবকে, ঢাকা লিওপার্ডস ১২০ রানে ব্রাদার্স ইউনিয়নকে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং সিটি ক্লাব ৬ উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারায়। এদের মধ্যে সমান ৬ করে পয়েন্ট আছে লিজেন্ড অব রূপগঞ্জ, ঢাকা লিওপার্ডস, অগ্রণী ব্যাংক এবং সিটি ক্লাবের।