বাসস
  ১৬ মে ২০২৬, ১২:৪৫

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। শুক্রবার সকালে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান : ছবি- বাসস

নীলফামারী, ১৬ মে, ২০২৬ (বাসস) : নীলফামারী জেলায় শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। শুক্রবার সকালে জেলা শহরের মিনি স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিযয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এর লীগের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দুরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।’’

নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরও গতিশীল করতে এই লীগের আয়োজন করা হয়েছে।

এবারের লিগে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। দলগুলো হলো সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।