শিরোনাম

ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : জেলা শহরের মিনি স্টেডিয়ামে আজ নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রধান অতিথি হিসেবে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রোখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম।
জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই লিগের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরও গতিশীল করতে এই লিগের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলতে পারে এমন খেলোয়াড় তৈরি করাই মূল লক্ষ্য।
এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।