বাসস
  ১৫ মে ২০২৬, ১৯:৪৮

জরিমানার সাথে ৮ পয়েন্ট কাটা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের দায়ে শাস্তির কবলে পাকিস্তান ক্রিকেট দল : ছবি-সংগৃহীত

ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের দায়ে শাস্তির কবলে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। 

ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানের। 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার বোলিং কম করেছে পাকিস্তান। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এজন্য ৮ ওভারের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি করা হবে অর্থাৎ কেটে নেওয়া হবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে পাকিস্তানের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ৪ পয়েন্ট ও ১১ দশমিক ১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেল পাকিস্তান।

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমেছিল পাকিস্তান। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ১২ পয়েন্ট এবং ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট ছিল তাদের। এবার জরিমানার কবলে পড়ে আরও এক ধাপ নীচে নেমে গেল পাকিস্তান।  

পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানে হারে পাকিস্তান। আগামীকাল থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।