বাসস
  ১৫ মে ২০২৬, ১৮:২৮

ওভারটনের বদলি ফরেস্টার

আইপিএল চলতি আসর থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ পেসার জেমি ওভারটন। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার ডিয়ান ফরেস্টারকে দলে নিয়েছে চেন্নাই :ছবি- সংগৃহীত

ঢাকা, ১৫ মে ২০২৬ (বাসস) : ঊরুর ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ পেসার জেমি ওভারটন। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে দলে নিয়েছে চেন্নাই।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে সিএসএ জানায়, ‘ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন ওভারটন। চেন্নাইয়ের বাকী মৌসুমের বাকী অংশে আর খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে ৭৫ লাখ রুপিতে ফরেস্টারকে দলে নেওয়া হয়েছে।’

এবারের আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওভারটন। ১০ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮ দশমিক ৮৯ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

গত রোববার লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ওভারটন। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ঐ ম্যাচেই ঊরুর চোটে পড়েন ওভারটন। তাই চিকিৎসার জন্য ইংল্যান্ড ফিরে যাচ্ছেন ওভারটন।

এ বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফরেস্টারের। এখন অবধি ৫ ম্যাচ খেলে ৮৩ রান করতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলেছেন ফরেস্টার। সর্বশেষ আসরে ৮ ইনিংসে ১৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছিলেন তিনি।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রাওয়ালপিন্ডিজের হয়ে মাঠে নামেন ফরেস্টার। ৬ ইনিংসে ১৭১ স্ট্রাইক রেটে ১৩২ রান করেন তিনি। পিএসএলে ২ উইকেট শিকার করলেও, এসএ টোয়েন্টিতে কোন উইকেট পাননি এই দক্ষিণ আফ্রিকান।