বাসস
  ১৪ মে ২০২৬, ১৯:৩৪

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাদমানের পরিবর্তে জাকির

ঢাকা, ১৪ মে ২০২৬ (বাসস) : বুকের চোটের কারনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম| 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বুকে ব্যথা পান সাদমান| ঐ টেস্ট ১০৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ|

সাদমানের ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে চোট পান সাদমান| তার বুকে গুরুতর আঘাত লেগেছে এবং ব্যথা আছে| দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাদমান|’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ইনজুরি আক্রান্ত সাদমানের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান| 

২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় জাকিরের| এরপর ১৩ টেস্টে ১ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ৫৯৩ রান করেন তিনি| অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান জাকির| ১৩টি চার ও ১টি ছক্কায় ২২৪ বলে ১০০ রান করেছিলেন তিনি|

২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেন ২৮ বছর বয়সী জাকির|

আগামী শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান|