শিরোনাম

ঢাকা, ১৪ মে ২০২৬ (বাসস) : স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছেন তিনি আবারও নির্বাচনে প্রার্থী হবেন।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রার্থিতা জমা দেওয়ার জন্য ২৩ মে পর্যন্ত ১০ দিনের সময়সীমা থাকবে।
প্রার্থী হওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে- কমপক্ষে ২০ বছর ধরে ক্লাবের সদস্য হতে হবে এবং ক্লাবের বার্ষিক বাজেটের ১৫ শতাংশ সমপরিমাণ ১৮৭ মিলিয়ন ইউরো (প্রায় ২১৯ মিলিয়ন ডলার) ব্যক্তিগত সম্পদের গ্যারান্টি হিসেবে দেখাতে হবে।
৭৯ বছর বয়সী পেরেজ ২০২৫ সালের জানুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চার বছরের জন্য পুন:নির্বাচিত হন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানি ও জ্বালানি গ্রুপ কক্সের সভাপতি এনরিক রিকুয়েলমে নির্বাচনে অংশ নেওয়ার কথা বিবেচনা করছেন।
স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে নবায়নযোগ্য জ্বালানি খাতের এই ব্যবসায়ী সম্ভাব্য প্রার্থিতা প্রস্তুতের জন্য পেরেজের কাছে আরও সময় চেয়েছেন।
এ বিষয়ে বুধবার স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পেরেজ বলেন, “আমি যখন ২০০০ সালের নির্বাচনে দাঁড়াই, তখন অতিরিক্ত সময় চাইনি; আমি নির্বাচন করেছি এবং জিতেছি।”
যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন বোর্ড পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ ও স্থান ঘোষণা করবে।
আর কেউ প্রার্থী না হলে পেরেজই আবার সভাপতির পদে বহাল থাকবেন। ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালের নির্বাচনের মতো এবারও একই ঘটনা ঘটতে পারে।
পেরেজ প্রথমবার ২০০০ সালে রিয়ালের সভাপতি নির্বাচিত হন এবং তার সময়েই ক্লাবের বিখ্যাত “গ্যালাক্টিকো” যুগ শুরু হয়। তিনি ২০০৬ সালে পদত্যাগ করেন।
২০০৯ সালে ফিরে আসার পর তার নেতৃত্বে মাদ্রিদ পাঁচটি স্প্যানিশ লিগ শিরোপা এবং ছয়টি ইউরোপিয়ান কাপসহ অসংখ্য ট্রফি জিতেছে।