বাসস
  ১৪ মে ২০২৬, ১৮:১১

দুর্দান্ত সেঞ্চুরিতে ১৪ হাজার রানের ক্লাবে কোহলি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ মে ২০২৬ (বাসস) : বিশ্বের ষষ্ঠ ও ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। 

গতরাতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬০ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোহলি। 

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের ক্লাবে নাম লেখান এই ডান-হাতি ব্যাটার।

কোহলির আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান) ও কাইরন পোলার্ড (৭৩৫ ম্যাচে ১৪,৪৮২ রান), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৫২৮ ম্যাচে ১৪,৪৪৯ রান), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৪৩৯ ম্যাচে ১৪,২৮৪ রান) এবং ইংল্যান্ডের জশ বাটলার (৫০৫ ম্যাচে ১৪,২০০ রান)। 

১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সাথে সাথে বিশ্ব রেকর্ডও গড়েন কোহলি। গেইলের দ্রুততম ১৪ হাজার রানের বিশ্ব রেকর্ড ভাঙেন তিনি। 

১৪ হাজার রান পূর্ণ করতে কোহলির খেলেছেন ৪০৯ ইনিংস। ৪২৩তম ইনিংসে ১৪ হাজার রানে পা রাখেন গেইল। 
এই তালিকার তৃতীয় স্থানে আছেন ওয়ার্নার। ৪৩১ ম্যাচ খেলেন তিনি। এছাড়া বাটলার ৪৬৮, হেলস ৫০৫ ও পোলার্ড ৬৩৩ ইনিংসে ১৪ হাজার রানের কোটা স্পর্শ করেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে চতুর্থ স্থানে উঠেছেন কোহলি। তার উপরে আছেন গেইল (২২ সেঞ্চুরি), পাকিস্তানের বাবর আজম (১৩ সেঞ্চুরি) এবং ওয়ার্নার (১০ সেঞ্চুরি)।

আইপিএলে আগের দুই ম্যাচে শূন্য হাতে আউট হয়েছিলেন কোহলি। কলকাতার বিপক্ষে আইপিএলে সর্বোচ্চ নবম সেঞ্চুরির দেখা পান তিনি। ১১টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ব্যাঙ্গালুরু।