বাসস
  ১৩ মে ২০২৬, ২০:৩৯

নোয়াখালীতে শুরু হলো সুপার কাপ ফুটবল

ছবি : বাসস

নোয়াখালী, ১৩ মে ২০২৬ (বাসস) : নোয়াখালীতে শুরু হয়েছে 'সুপার কাপ ২০২৬' ফুটবল টুর্নামেন্ট। আজ বুধবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের একটি বড় সমস্যা। আমাদের সন্তানদেরকে খেলার মাঠে পাঠাতে হবে। একটা সময় ছিল যখন স্কুল শেষ করে সবাই খেলার মাঠে যেত, কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না। জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদদের উদ্যোগে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হবে, যেন ৩৬৫ দিনই মাঠে খেলা থাকে।

সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খাঁন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান পলাশ, বাফুফে কাউন্সিলর ইকবাল বাহার আজাদ।

টুর্নামেন্টে ২টি গ্রুপে বিভক্ত হয়ে জুনিয়র ও সিনিয়র বিভাগে ৬টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে দেয়া হবে ১ হাজার টাকা।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তাউছ মো. বেনী আমিন জানান, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে, যারা ভবিষ্যতে ঢাকা লীগ ও চট্টগ্রাম লীগে অংশগ্রহণ করবে। সমাজকে মাদকমুক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।