শিরোনাম

ঢাকা, ১২ মে ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বাংলাদেশ ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে এই প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। এতে ৩ ম্যাচে ১টি করে জয়-হার ও ড্রতে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামার আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে ছিল বাংলাদেশ।
এই চক্রে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ খেলেছিল টাইগাররা। শ্রীলংকা সফরে দুই ম্যাচের সিরিজের ১টিতে জয় ও ১টিতে ড্র করেছিল তারা।
বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে গেল পাকিস্তান। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট আছে তাদের। নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান।
এই তালিকায় সবার উপরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট আছে অসিদের। ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে ড্র করেছে কিউইরা।
এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৭৫ শতাংশ পয়েন্ট), শ্রীলংকা (২ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট) এবং ভারত (৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট)।
অষ্টম ও নবম স্থানে আছে ইংল্যান্ড (১০ ম্যাচে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ (৮ ম্যাচে ৪.১৭ শতাংশ পয়েন্ট)।