বাসস
  ১২ মে ২০২৬, ২১:৪২

ডেম্বেলে আবারও ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজি ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। তিনি ক্লাবটিকে ১৪তম ফরাসি লিগ শিরোপা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের খুব কাছাকাছি নিয়ে গেছেন।

টানা দুইবার এই পুরস্কার জেতা পঞ্চম খেলোয়াড় হিসেবে কৃতিত্ব গড়লেন ২৮ বছর বয়সী ডেম্বেলে।  এর আগে ২০২৪ সালে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন জøাটান ইব্রাহিমোভিচ। 

গত বছর কিলিয়ান এমবাপ্পের পর ডেম্বেলে এই পুরস্কারটি জিতেছিলেন। এমবাপ্পে টানা পাঁচবার এ সম্মান অর্জনের পর রিয়াল মাদ্রিদে যোগ দেন।

ডেম্বেলে বলেন, “এটি ব্যক্তিগত পুরস্কার হলেও আমি যত ব্যক্তিগত সম্মান জিতেছি, সবই এই দলের অবদানে সম্ভব হয়েছে।”

চোটে জর্জরিত একটি মৌসুম কাটিয়েও তিনি এই সম্মান ধরে রেখেছেন। এ মৌসুমে লিগ ওয়ানে তিনি মাত্র নয়টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং খেলেছেন ৯৬০ মিনিট। গত মৌসুমে তিনি ২০ ম্যাচে শুরু করেছিলেন এবং খেলেছিলেন ১,৭৩৬ মিনিট।

কম সময় মাঠে থাকলেও ডেম্বেলে করেছেন ১০ গোল ও ছয়টি অ্যাসিস্ট। যদিও গত মৌসুমে তার গোল ছিল ২১টি এবং অ্যাসিস্ট ছিল আটটি।

রোববার ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে পিএসজি কার্যত আরেকটি লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সের চেয়ে তারা ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে। মৌসুম শেষ হতে আর মাত্র দুই ম্যাচ বাকি রয়েছে। লুইস এনরিকের দল গোল ব্যবধানেও এগিয়ে আছে।

বুধবার দ্বিতীয় স্থানে থাকা লেন্সের মাঠে হার এড়াতে পারলেই পিএসজি টানা পঞ্চমবার এবং গত ১৪ বছরের মধ্যে ১২তমবারের মতো ফরাসি চ্যাম্পিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরবে।

এদিকে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে হারিয়ে পিএসজি এ মাসের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিও নিচ্ছে।

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডেম্বেলের পিএসজি সতীর্থ ডিসায়ার ডুয়ে। আর পিএসজির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে লেন্সকে গড়ে তোলার কৃতিত্বে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিয়েরে সাগে।