শিরোনাম

ঢাকা, ১২ মে ২০২৬ (বাসস) : আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গাড়ির ব্র্যান্ড চেরির সাথে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সংস্করণের সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ পুরস্কারের স্পন্সর করছে চেরি। সিরিজে বাংলাদেশের সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেবে চেরি।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চেরির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন ও চেরি অটোমোবাইলের প্রতিনিধি সুমন।
চুক্তি নিয়ে তামিম বলেন, ‘আমরা চেরির সাথে ছোট পরিসরে চুক্তি করছি। সামনে যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ, এখানে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি।’
তিনি আরও বলেন, ‘আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারন চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে গত এক দেড় বছর মানে বিসিবির যে সুনাম ক্ষতিগ্রস্থ হয়েছিল, ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড আসা শুরু হয়েছে। শেষ সিরিজেও ই বাইক কিছু কোম্পানি ছিল। এটা বিসিবির জন্য খুব ইতিবাচক দিক।’
২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অবদান রাখায় সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেওয়া হয়েছিল। ঐ স্মৃতি রোমন্থন করে তামিম বলেন, ‘বিসিবিতে সর্বশেষ মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। ওই সিরিজটায় আমার ভাই (নাফিস ইকবাল) পেয়েছিল নিশানের একটা গাড়ি। প্রায় ২০ বছর পর আবারও গাড়ি উপহার দেওয়া হবে। এবার চেরি উদ্যোগ নিচ্ছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৯ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ১৭ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ।