বাসস
  ১১ মে ২০২৬, ২০:১৪

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ স্কট ও ডেভিস

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : দুই নতুন মুখ লিয়াম স্কট ও জোয়েল ডেভিসকে নিয়ে আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও দল ঘোষনা করেছে সিএ। 

বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। আসন্ন তিন সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। 

টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি দুই ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের। ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন দু’জনই।

বাংলাদেশ ও পাকিস্তান সফরে ওয়ানডে দলে রাখা হয়েছে নতুন মুখ স্কটকে। ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপ ও চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটার ছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট ও ৪৬৫ রান করেছেন বোলিং অলরাউন্ডার স্কট। 

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি ও পাকিস্তান সিরিজে ওয়ানডে দলে আছেন বাঁ-হাতি স্পিনার ডেভিস। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩টি ও টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলেছেন তিনি।  

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজ নিজ দলের হয়ে প্লে-অফে খেলবেন ট্রাভিস হেড, কুপার কনোলি, বেন ডোয়ারশিষ ও জেভিয়ার বার্টলেট। যে কারনে পাকিস্তান সফরে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন তারা। তবে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডোয়ারশিষ বাদে বাকী তিনজনকে রাখা হয়েছে। 

টি-টোয়েন্টি সিরিজে ডোয়ারশিষের জায়গায় আছেন বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসন। টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডিও।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন মুখ ব্যাটার অলিভার পিক। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপে দলের হয়ে শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক। ২০১৭ সালে অভিষেকের পর ৭ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তিনি। পাকিস্তান সফরের দলে আছেন স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্টও। 

পাকিস্তানের বিপক্ষে ৩০ মে, ২ ও ৪ জুন ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন এবং চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজ খেলবে অসিরা।

বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশিষ, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রেইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জ্যাম্পা।