শিরোনাম

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ানো ম্যাচে আজ মোহামেডান ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।
তিন ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে প্রাইম ব্যাংক।
রিজার্ভ ডে’তে গড়ানো আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ১৬৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথম দুই ম্যাচ হারের পর অবশেষে চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল আবাহনী। নিজেদের প্রথম দুই ম্যাচে ঢাকা লিওপার্ডস ও সিটি ক্লাবের কাছে হেরেছিল আবাহনী। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা।
গতকাল ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৫ রান করে মোহামেডান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১তম সেঞ্চুরির স্বাদ নেন নাইম। ১৩৬ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১৪৫ রান করেন তিনি। জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান তুলে রূপগঞ্জ টাইগার্স। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ায়।
আজ রিজার্ভ ডে’তে ৫ উইকেটে ৯২ রান যোগ করে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। ৩৪.৫ ওভার ব্যাট করে ১৪৫ রানে থামে তারা। দলের পক্ষে ৭৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন সজীব মিয়া।
মোহামেডানের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৪১ রানে ৫ উইকেট নেন। রিশাদ হোসেন নেন ৩ উইকেট।
এদিকে পিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাট করে তিন হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৩ রান তুলে কাল দিন শেষ করেছিল আবাহনী। মাহিদুল ইসলাম ১১৩ বলে ৮৩, এস এম মেহেরব ৭৬ বলে ৭৭ এবং মোসাদ্দেক হোসেন ৪০ বলে অপরাজিত ৬২ রান করেন।
২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্স গতকাল ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ায়।
আজ ৩৫.৫ ওভার ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে লজ্জার হার বরণ করে ব্রাদার্স। ওপেনার ও অধিনায়ক জাহিদুজ্জামান ৫৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন।
খালেদ আহমেদ-রাকিবুল হাসান-সৌম্য সরকার-রহনাত দ্দৌলা ও মাহফুজুর রহমান ২টি করে উইকেট করে নেন।