বাসস
  ১১ মে ২০২৬, ১৯:৫০

বৃষ্টি বিঘ্নিত দিনে মোমিনুল-শান্তর নৈপুণ্যে ১৭৯ রানে এগিয়ে বাংলাদেশ

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৫২ রান করেছে টাইগাররা। বৃষ্টির কারনে চতুর্থ দিন খেলা হয়েছে ৪৮.৪ ওভার। 

দ্বিতীয় ইনিংসে ২৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ব্যাটার মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মোমিনুল ৫৬ রানে আউট হলেও, দিন শেষে ৫৮ রানে অপরাজিত আছেন শান্ত। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে ছিল টাইগাররা। প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন। 

চতুর্থ দিন ষষ্ঠ ওভারের প্রথম বলে দলীয় ১৫ রানে সাজঘরে ফিরেন জয়। ব্যক্তিগত ৫ রানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরত যান তিনি।

বড় ইনিংস খেলতে এবারও ব্যর্থ হন সাদমান। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির বলে সৌদ শাকিলকে ক্যাচ দেন তিনি।

২৩ রানে ২ উইকেট পতনের পর প্রথম ইনিংসের মত বড় জুটির গড়ার চেষ্টা করেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে বিপদ ছাড়া দিনের প্রথম সেশন শেষ করেন তারা। এসময় ১২২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোমিনুল ও শান্ত। 

বিরতির মাঝে দুপুর ১টায় বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি কমলে বিকেল ৩টা ৪৫ মিনিটে আবারও মাঠে গড়ায় টেস্ট। 
মোমিনুল ৩৭ রান নিয়ে খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৬ রানে শাহিন শাহ আফ্রিদির বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। ১২০ বল খেলে ৪টি চার মারেন মোমিনুল। ব্যক্তিগত ১৫ ও ৪৩ রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি। 

শান্তর সাথে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন মোমিনুল। প্রথম ইনিংসে ১৭০ রানের জুটি গড়েছিলেন দু’জনে। 

দলীয় ১২৮ রানে মোমিনুল ফেরার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। শান্তর সাথে ৪৬ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন মুশফিক। আলো স্বল্পতায় আগেভাগেই শেষ হয় দিনের খেলা। 

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬টি চারে অপরাজিত ৫৮ রান করেছেন শান্ত। তার সাথে ৩টি চারে ১৬ রানে অপরাজিত মুশফিক। 

আফ্রিদি, আব্বাস ও হাসান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৪১৩/১০, ১১৭.১ ওভার (শান্ত ১০১, মোমিনুল ৯১, মুশফিক ৭১, আব্বাস ৫/৯২)। 
পাকিস্তান ১ম ইনিংস : ৩৮৬/১০, ১০০.৩ ওভার (আজান ১০৩, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮, মিরাজ ৫/১০২)।

বাংলাদেশ ২য় ইনিংস : ১৫২/৩, ৫০.৩ ওভার (শান্ত ৫৮*, মোমিনুল ৫৬, হাসান ১/২৩)।