শিরোনাম

নাটোর, ১১ মে, ২০২৬ (বাসস) : নাটোর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে। এর ফলে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক স্বাস্থ্য অটুট থাকবে। ফলশ্রুতিতে মেধাবী জাতি গঠনের পথে এগিয়ে যাবে দেশ। ক্রীড়াসহ সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ তৈরীতে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী।
আজ সমাপনী প্রতিযোগিতায় ফুটবলে বালক বিভাগে বাগাতিপাড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে লালপুর উপজেলা দল ৪-০ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হয়। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২ মে থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহন করে।