বাসস
  ১১ মে ২০২৬, ১৯:১০

টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে মোমিনুল

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের পর, আজ দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেন মোমিনুল। এই টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরিসহ টানা পাঁচ ইনিংসে অর্ধশতক করলেন তিনি।

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তিন ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছিলেন মোমিনুল। আইরিশদের বিপক্ষে সিলেট টেস্টের এক ইনিংসে ৮২ এবং মিরপুর টেস্টের দুই ইনিংসে ৬৩ ও ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন মোমিনুল। 

টেস্টে টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হলেন মোমিনুল। প্রথম বাংলাদেশি হিসেবে এই তালিকায় নাম তুলেছিলেন তামিম ইকবাল। 

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৮৫ ও ৫২ রান করেছিলেন তামিম। এরপর ইংল্যান্ডের মাটিতে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টের তিন ইনিংসে যথাক্রমে- ৫৫, ১০৩ ও ১০৮ রানের ইনিংস খেলেন তামিম। 

ফিফটিতে এর আগেও রেকর্ড গড়েছেন মোমিনুল। তবে সেটি ছিল টানা ১১ টেস্টে। ২০১৩ ও ২০১৪ সাল মিলিয়ে টানা ১১ টেস্টে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। অল্পের জন্য বিশ্ব রেকর্ড স্পর্শ করতে পারেননি মোমিনুল। 

টানা ১২ টেস্টে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের জো রুটের।