বাসস
  ১০ মে ২০২৬, ২১:১৭

ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে হলে, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। টেস্টের তৃতীয় দিন ৫ উইকেট পূর্ণ করা মিরাজ জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল পাকিস্তান। তৃতীয় দিন বাংলাদেশের রানকে টপকে যাবার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে বিনা উইকেটে ৭ রান তুলেছে স্বাগতিকরা। 

লিড বড় করতে হলে টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানান মিরাজ। 

তিনি বলেন, ‘এখনো ম্যাচের দু’দিন বাকী আছে। ম্যাচ এখন ফিফটি-ফিফটি অবস্থায় আছে। আমরা অনেক বড় লিড পাইনি। আমাদের অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে।

মিরপুরে কত রান করতে পারলে ভাল সেটা বল যাবে না। অন্তত এমন একটা রান করতে হবে যাতে বোলাররা লড়াই করতে পারে। আমার কাছে মনে হয় এই উইকেটে ২৯০ থেকে ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে। কারন এই উইকেটে চতুর্থ বা পঞ্চম দিনে খেলা কঠিন হবে। তবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্টে তিনদিনই উইকেট ভালো ছিল। এখনও উইকেট ভালো আছে। তবে চার বা পাঁচ নম্বর দিনে উইকেট কঠিন হবে। কারন একটা উইকেটে টানা খেলা হয়েছে। দুই ইনিংস খেলা হয়ে গেছে। তাই ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। পঞ্চম দিনে পাকিস্তানই ব্যাটিং করবে। 

তাই আমরাই বোলিংয়ে ভালো সুবিধা পাবো।’

দ্বিতীয় দিন শেষে নিজেদের ব্যাটিং ইনিংসে ভালো অবস্থায় ছিল পাকিস্তান। ১ উইকেটে ১৭৯ রান তুলেছিল তারা। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে লাইন-লেংথ বজায় রাখাই মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বোলারদের। 

মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের একটাই লক্ষ্য ছিল- কিভাবে রান আটকানো যায় এবং সঠিক জায়গায় কিভাবে বল করা যায়। আমরা মিরপুরের উইকেট সর্ম্পকে জানি। আমরা যেহেতু এখানে খেলি তাই অভিজ্ঞতা আছে। বোলাররা একটা জায়গায় বল করার চেষ্টা করেছি। বোলারদের কাছে এমন প্রত্যাশাই ছিল। আমরা যদি ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পারি, তাহলে সুযোগ আসবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করেছি।’

তিনি আরও বলেন, ‘উইকেটে খ্বু বেশি স্পিন ছিল না। আমি ও তাসকিন দুই প্রান্ত থেকে খুব ভালো বোলিং করেছি। এজন্য সুযোগ তৈরি হয়েছে আমাদের। তাই তারা ভুল করেছে।

টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট, ভালো জায়গায় বল করা হলে ব্যাটারকে রান করতে না দিলে, তখন সুযোগ তৈরি হবে। আমি আর তাসকিন এমনই করার চেষ্টা করেছি।

আমাদের বোলিংয়ের জুটিটা খুব ভালো ছিল। রানাও ভালো বল করেছে। আমার কাছে মনে হয় প্রথম দুই স্পেলে একটু বেশি রান দিয়েছে সে। আমরা তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। সে আমাদের একটা ব্রেক-থ্রু দিয়েছে। সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

৩৮ ওভার বল করে ১০২ রানে ৫ উইকেট নেন মিরাজ। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মত ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। নিজের পারফরমেন্স নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে আমার বোলিং নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। পাকিস্তান ওয়ানডে সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজ, এবার টেস্ট নিয়ে অনেক কাজ করেছি। কাজ করার মাধ্যমেই আত্মবিশ্বাস বেড়েছে। ঐ সময় আমি অনেক বেশি উইকেট পাইনি। কিন্তু দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেছি। টেস্ট ক্রিকেটে অনেক সুযোগ থাকে, অনেক সময় থাকে, নিজেকে নিয়ে কাজ করার। আমি সেটাই করেছি।’