বাসস
  ০৯ মে ২০২৬, ১৯:০৮

বিশ্বকাপে নেইমারের অবশ্যই থাকা উচিৎ : মেসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৬ (বাসস) : নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যায়িত করে আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামির সুপারস্টার লিওনেল মেসি জানিয়েছেন বিশ্বকাপে ব্রাজিল দলে অবশ্যই তার থাকা উচিৎ। 

এ প্রসঙ্গে আর্জেন্টাইন জনপ্রিয় টিভি শো লো ডেল পোলোতে মেসি বলেছেন, ‘আমরা চাই বিশ্বকাপে বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলুক। ফর্ম যাই থাকুক নেইমার সবসময়ই সেরাদের একজন। তাকে বিশ্বকাপের দেখাটা আনন্দের। কারন ব্রাজিলে ও বিশ্ব ফুটবলে তার ভূমিকা অপরিসীম। আশা করছি নেইমার বিশ্বকাপ খেলবে। আমি নিরপেক্ষ থাকতে পারিনা। কারন তাকে সবসময় সেখানে থাকতেই হয়। নেইমার অবশ্যই আমার বন্ধু। আমি চাই সে বিশ্বকাপে থাকুক, তার জীবনে ভালো কিছু ঘটুক, কারণ মানুষ হিসেবে সে সেটার যোগ্য। আর আমি আশা করি, সে সেখানে থাকতে পারবে।’

মেসির বয়স ৩৮ এবং নেইমারের ৩৪। কিন্তু বার্সেলোনায় একসাথে চার বছর কাটানোর সময় থেকে তারা সবসময়ই খুব ভাল বন্ধু। এরপর দুই বছর একসাথে তারা খেলেছে পিএসজিতে। ২০২৩ সালে উভয়ই পিএসজি ছেড়ে যায়। আর্জেন্টাইন অধিনায়ক মেসি এমএলএস ক্লাব ইন্টার মিয়ামি ও নেইমার সৌদি পেশাদার লিগে আল হিলালে যোগ দেয়। 

লিওনেল মেসি নেইমারকে নিয়ে বলেন, “তার মধ্যে এক ধরনের বিশেষ আকর্ষণ আছে। সে কোনো ভান করে না; অন্যরা কী ভাববে বা কী প্রতিক্রিয়া হবে তা নিয়ে চিন্তা না করে সে নিজের অনুভূতি অনুযায়ী জীবন যাপন করে। সে নিজের মতো করে বাঁচে, আনন্দে থাকে, আর খুবই স্বাভাবিক একজন মানুষ।”

প্রায় এক বছর আগে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসে। ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার আশায় সে নিজেকে তৈরী করছে। যদিও ইনজুরির কারনে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সে জাতীয় দলের বাইরে রয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) জুনে কার্লো আনচেলত্তি কোচ হিসেবে জাতীয় দলের আসার পর থেকে এখনও হলুদ জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি। 
গত ডিসেম্বরে নেইমারের বাম হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। 

মেসি বলেছেন, বিশ্বকাপে যাওয়ার পথে আর্জেন্টিনার চেয়ে ভালো ছন্দে রয়েছে কয়েকটি জাতীয় দল। তিনি ফ্রান্স, স্পেন ও ব্রাজিলকে অন্যতম ফেবারিট হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা জানি বিশ্বকাপ সবসময়ই কঠিন একটি প্রতিযোগিতা, কারণ এখানে বিশ্বের সেরা দলগুলো অংশ নেয়। আমাদের আশাবাদী হতে হবে যেমন প্রতিটি আর্জেন্টাইন সবসময় থাকে, সেটা কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ। তবে এটাও স্বীকার করতে হবে যে, আমাদের চেয়ে ভালো অবস্থায় থাকা আরও কিছু ফেবারিট দল আছে।”

মেসি আরও বলেন, জার্মানী, ইংল্যান্ড ও পর্তুগাল দ্বিতীয় সারির শক্তিশালী দাবিদারদের মধ্যে পড়ে। বিশেষ করে পর্তুগাল সম্পর্কে তিনি বলেন, “তাদের দলে অত্যন্ত প্রতিযোগিতামূলক ও দারুণ মানের খেলোয়াড় রয়েছে।”
বিশ্বকাপ কে জিততে পারে, তা অনুমান করা অসম্ভব বলেও মন্তব্য করেন মেসি। তার ভাষায়, “এখানে অনেক উচ্চমানের দল আছে,” এবং “বিশ্বকাপে সবসময়ই কোনো না কোনো চমক অপেক্ষা করে।”

আর্জেন্টিনা দল সম্পর্কে তিনি বলেন, “আমরা ভালো অবস্থায় বিশ্বকাপে যাচ্ছি, যদিও বর্তমানে অনেক খেলোয়াড় ইনজুরি বা ম্যাচ ফিটনেসের সমস্যায় ভুগছে। সত্যি বলতে, যখনই দল একত্র হয়েছে, তখনই প্রমাণ হয়েছে যে এটি এমন একটি দল, যারা কঠিন প্রতিদ্বন্দ্বীতা করে এবং সবসময় জয়ের জন্য লড়ে।”

ইন্টার মিয়ামির এই খেলোয়াড় দলটির নতুন প্রজন্ম নিয়েও কথা বলেন। তিনি জানান, “অনেক তরুণ খেলোয়াড় আছে যারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তাদের ইতোমধ্যে অনেক অভিজ্ঞতা হয়েছে, অথচ তারা এখনো বেশ তরুণ। এছাড়া সম্প্রতি এটা স্পষ্ট হয়েছে যে, নতুন প্রতিভাও উঠে আসছে। দারুণ উদ্যম ও শক্তি নিয়ে আরও অনেক তরুণ খেলোয়াড় সামনে এগিয়ে আসছে।”

ফুটবল থেকে অবসরের সম্ভাবনা নিয়ে মেসি কিছু বলেননি। বরং তিনি বলেন, “আমি ফুটবল খেলাটা ভালোবাসি, আর যতদিন পারব, ততদিন খেলে যাব।”