বাসস
  ০৯ মে ২০২৬, ১৮:২৩

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৬ (বাসস) : বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে মুশফিক পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে আউট হন মুশফিক। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪২তম বারের মত ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন মুশি। ২৯টি হাফ-সেঞ্চুরি ও ১৩টি সেঞ্চুরি আছে ডান-হাতি মুশফিকের। 

এতদিন তামিমের সাথে এই রেকর্ড ভাগাভাগি করেছেন মুশফিক। ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪১বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তামিম। ১০ সেঞ্চুরির সাথে ৩১টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাঁ-হাতি তামিম। 

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৯বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ১৩ সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি আছে মোমিনুলের। 

চতুর্থ স্থানে আছেন আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ৭১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে মোট ৩৬বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি।