শিরোনাম

ঢাকা, ৮ মে ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার সাথে মাস সেরার লড়াইয়ে মনোনীত হয়েছেন ওমানের ব্যাটার জতিন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমার।
গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলংকার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
গেল মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ওয়ানডে খেলেছেন রানা। তিন ম্যাচে ১৬ দশমিক ৭৫ গড় ও ওভার প্রতি ৪ দশমিক ৪৬ রান দিয়ে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানা।
প্রথম ওয়ানডেতে ৬৫ রানে ১, দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৭ রানে ২ উইকেট নেন রানা।
রানার দুর্দান্ত বোলিং পারফরমেন্সের উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এমন বোলিং নৈপুণ্যে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয় রানার। ৪৮১ রেটিং নিয়ে র্যাংকিংয়ে ৪৮তম স্থানে ওঠেন তিনি। এবার মাস সেরা খেলোয়াড় হবার সুযোগ রানার সামনে।
আইসিসি বিশ্বকাপ লিগ টু-তে গত মাসে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন ওমানের অধিনায়ক জতিন্দার। পাঁচ ওয়ানডেতে ২৬৬ রান করেন তিনি। তার ব্যাটিং গড়-৫৩.২০ ও স্ট্রাইক রেট ছিল ১১৫।
গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অজয়ের। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পথচলা শুরু হয় তার। ঐ ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি।
এরপর নেপালের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় অজয়ের। বিশ্বকাপ লিগ টু-তে নেপাল ও ওমানের বিপক্ষে চার ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেন অজয়। ওমানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন অজয়।