বাসস
  ০৮ মে ২০২৬, ১২:৫২
আপডেট : ০৮ মে ২০২৬, ১৫:১৯

শান্তর সেঞ্চুরিতে ২শ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস) : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ৫৩ ওভারে ৩ উইকেটে ২০১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। শান্ত ১০১ রানে আউট হন। অন্যপ্রান্তে ৬৪ রানে অপরাজিত আছেন মোমিনুল হক।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ২টি করে বাউন্ডারিতে মাহমুদুল হাসান জয় ৮ এবং সাদমান ইসলাম ১৩ রানে থামেন।

দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মোমিনুল ও অধিনায়ক শান্ত। তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। এসময় বাংলাদেশের স্কোর ছিল- ২ উইকেটে ১০১ রান। মোমিনুল ৩১ এবং শান্ত ৩৯ রানে অপরাজিত ছিলেন।

মধ্যাহ্ন বিরতির পর হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল ও শান্ত। হাফ-সেঞ্চুরির পর রানের গতি বাড়ান শান্ত। ফলে চা-বিরতির আগ মুর্হূতে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান তিনি। সেঞ্চুরি পাওযার, পরের ডেলিভারিতে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর আউট হন শান্ত। ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।

শান্ত ফেরার চার বল পর চা-বিরতিতে যায় বাংলাদেশ। মোমিনুল ৬৪ ও মুশফিকুর রহিম শূন্য হাতে অপরাজিত আছেন।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও আব্বাস ১টি করে উইকেট নেন।