শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে একটি সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চতুর্থ চক্রে দ্বিতীয় সিরিজ খেলতে নামছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে আরও ভালো পারফরমেন্স করার লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বিদেশের মাটিতে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় পায় বাংলাদেশ। তবে ঘরের মাঠে মাত্র একটিতে জিতেছিল টাইগাররা। তাই ঘরের মাঠের পারফরমেন্স নিয়ে চিন্তিত বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আজ মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেয়িয়ামে সংবাদ সম্মেলনে শান্ত জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে হওয়া ম্যাচগুলোয় আরও ভালো পারফরমেন্স করা গুরুত্বপূর্ণ।
শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি এই চক্রে ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচই জিততে চাই। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের বড় চ্যালেঞ্জ হলো প্রথম ইনিংসে ভালো পারফরমেন্স করা। যদি আমরা ধারাবাহিকভাবে তা করতে পারি তাহলে এই চক্রে আমাদের রেকর্ড ভালো হবে।’
গত চক্রে ঘরের মাঠে ব্যাট হাতে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ছয় টেস্ট খেলে মাত্র দু’বার ইনিংসে ৩শ রানের বেশি করেছিল টাইগাররা।
২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩১০ ও ৩৩৮ রান করেছিল। শেষ পর্যন্ত ঐ টেস্ট ১৫০ রানে জিতেছিল টাইগাররা। যা গত চক্রে ঘরের মাঠে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়।
বাকি ম্যাচগুলোতে ইনিংসে ২শ রানও পার করতে পারেনি বাংলাদেশ।
টেস্টে সাফল্যের জন্য ম্যাচের প্রথম ইনিংসে বড় স্কোর করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শান্ত।
তিনি বলেন, ‘আমরা যদি প্রথম ইনিংসে ৪শ রানের বেশি করতে পারি, তাহলে সেটি দলের জন্য খুবই ভালো হবে।
সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে না এবং আমি চাই না কেউ তার স্বাভাবিক খেলার ধরণ পরিবর্তন করুক। গুরুত্বপূর্ণ বিষয় হলো- রান করা। আমরা ৮০ ওভারে ৪শ রান করলাম নাকি, ১২০ ওভারে করলাম তাতে কিছু আসে যায় না।’
বাংলাদেশের ব্যাটিং লাইন আপে থাকা বেশিরভাগ খেলোয়াড়ের এখন টেস্ট খেলার অভিজ্ঞতা বেশি। নতুন মুখ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান ছাড়াও দলের অন্যান্যরা অন্তত ২০টি করে ম্যাচ খেলে ফেলেছেন।
গেল কয়েক বছরে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা ছিল। আশা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মিরপুরের উইকেট থেকে ব্যাটার ও বোলাররা সুবিধা পাবে।
ঘরের মাঠে ভালো উইকেট হলে ব্যাটাররা সুবিধা পাবে বলে মনে করেন শান্ত, ‘একজন ব্যাটার হিসেবে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি মিরপুরে সাদা বলের ফরম্যাটে আমরা আগের চেয়ে ভালো উইকেটে খেলেছি। আশা করি, এখানে খেলতে-খেলতে ব্যাটাররা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে দুই ম্যাচ খেলে ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ।